আঁধারের সৌন্দর্য
- শিপন আলম
জীবনের সৌন্দর্য শুধু দ্যুতিময় আলোকের মাঝে নয়
নিকষ কালো অন্ধকারের মাঝেও তার নিত্য বসবাস।
যে জীবন শুধু আলোয় আলোয় ভরা
আলোর মশাল সামনে নিয়ে যার পথচলা
সে জীবন সামান্য মেঘাচ্ছন্ন আঁধারেই স্বাভাবিকতা হারায়
মলিন হয়ে যায় তার সৌন্দর্য সকল।
নিশীথের গভীর অন্ধকারেই নিশি পতঙ্গেরা সুন্দর
নিশাচর ক্ষুধার্ত বিহঙ্গরাও স্বাভাবিক সৌন্দর্যময়
রাত্রির প্রগাঢ় অন্ধকারের মাঝে।
ঘনিয়ে আসা আঁধারের মাঝেই নিহিত আছে
মায়াময় সন্ধার নিষ্কলুষ অমলিন সৌন্দর্য
শুক্লপক্ষ বিতাড়িত কৃষ্ণপক্ষের অবারিত সৌন্দর্যও
লুকিয়ে থাকে তার ঘোর অন্ধকারের মাঝে।
দিনের আলোতে যে প্রেম হারায় তার সহজাত আবেদন
অনাদর অবহেলার শিকার হয় অবিরাম
যামিনীর আঁধারেই তা পরিণত হয়
কামনা জাগানিয়া নিখাদ ভালবাসায়।
আলোতে যে ঘুম কেবল নির্ঘুম নির্ঘুম
হারায় স্বাভাবিকতার স্বীয় সৌন্দর্য ধারা
আঁধারের গভীরেই তা হয়ে ওঠে তখন
ক্লান্তি মোচনকারী গভীর অসাড় ঘুম।
আলোর সৌন্দর্য যেমন আলোতে আলোতে
আঁধারের সৌন্দর্য তেমন আঁধারে আঁধারে
পাশাপাশি হাত ধরে চলছে এরা ভুবন মাঝারে।
২৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
১৫-১১-২০২৪ ১৮:৩৭ মিঃ
কবি অতি চমৎকার লিখা পাঠে মুগ্ধতা সহ ভালোলাগা ভালোবাসা সবটাই রেখে গেলাম পাতায় অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।