অতি লোভে তাঁতি নষ্ট
- BIDYUT BARAN BARIK ( বিদ্যুৎ বরণ বারিক)

স্বর্ণ লঙ্কার স্বপ্ন বুকে, ধুলি ভুলে হাটে,
চোখে চেয়ে চির আকাঙ্ক্ষা, হৃদয় থরে পাতে।
একটু নয়, আরও চাই — এই তো মন চায়,
তৃষ্ণার গাঙ পেরোতে গিয়ে ডুবে প্রাণ যায়।

চাতুরীর ছদ্মবেশে বহুরূপী এক চাল,
অন্তরে ছিল কুয়াশা ঘেরা অহংকারের জাল।
জানল না সে, সময় হাসে চুপিচুপি দূরে,
অতি চালাকের গলায় দড়ি — বাঁধে নিজের সুরে।

তাঁতির হাতে সুতো ছিল, রঙ ছিল অগণন,
লোভের ঢেউয়ে হারিয়ে গেল তন্তু জালের মন।
হীরের খোঁজে ছেড়ে দিলে মাটির অমূল্য ধন,
অতিলোভে সব হারিয়ে বসে একা, নির্জন।

আহা রে মন, কেন তবে এমন দৃষ্টি ক্ষুধা?
যা ছিল তোর, হারিয়ে ফেলিস, বিন্দু মিথ্যা সুধা!
বুঝিস না তুই, সীমারেখা ,ভাঙে নীরব ব্যথায়,
যে দ্বার খুলে ঝড় ছুটে যায়, প্রত্যাশার খেলায়।

তাই বলি হে জীবন-তরী, সাবধানে পাল তোল,
লোভের ললাটে জাগবে রুদ্র পতনেরই আলোকদোল।
মিতাচারী হদয় যার, শান্তির সাঁঝবাতি —
তৃপ্তির সুরেই বাজে সুখ,অতিলোভে কাঁদে তাঁতি ।


০৪-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।