এমন একটি কবিতা চাই
- BIDYUT BARAN BARIK ( বিদ্যুৎ বরণ বারিক)

এমন একটি কবিতা চাই—
যার প্রতিটি পঙ্‌ক্তি হবে রামধনুতে বাঁধা,
তুলির ছোঁয়ায় ফুটবে জলছবি—
যার শব্দ হবে শিউলি ফুল, সকালের শিশিরে ভেজা।

ভালো লাগার বহুরঙা বাতাসে উড়ে যাবে
নীরব দুপুরের ঘুমকাতুরে বেলা,
কখনো সে হবে প্রথম প্রেমে ডুবে যাওয়া বিকেল,
আবার কখনো সুরের ভিতর ছাইচাপা আগুন।

আমি চাই এমন কবিতা,
যা পাঠ করতে করতে পাঠক হারিয়ে যাবে
নিজের ভেতর লুকিয়ে থাকা শিশুটির কাছে,
যেখানে কেউ দুঃখ দেয় না, কেউ ত্যাগ করবে না।

চাই এমন কবিতা—
যা পাঠ করলে যুদ্ধবিমান থেমে যায় আকাশে,
মাঠে ফুটে ওঠে পলাশ, গোলাপ আর গাঁদা,
শুধু প্রেমই কথা বলে, কাঁদে না আর কোনো মেয়ে।

এমন একটি কবিতা—
যার পংক্তিতে প্রলয়ের বেগ,
আবার শীতের সকালে মায়ের কাঁথার মতন শান্তি।
যা কবিকে কেবল কবি নয়,
মানুষের প্রতিনিধি করে তোলে—
অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আলো হাতে তুলে দেয়।

এমন একটি কবিতা চাই,
যা লেখা শেষ হওয়ার আগেই
কেউ বলবে—
এই তো জীবন, এটাই প্রেম, এটাই মুক্তি।


২০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।