নিউরন
- BIDYUT BARAN BARIK ( বিদ্যুৎ বরণ বারিক)

নিউরন
বিদ্যুৎ বরণ বারিক
১৯/০৪/২৫

তারে যদি ছুঁতে পারতেম একটুখানি,
তপ্ত স্পর্শে জেগে উঠতো কুয়াশার বুকে বাণী।
তার চোখে থাকতো জ্যোৎস্নার মতো গভীর ধ্যান,
মাধবী সুবাসে গাঁথা অন্তহীন সন্ধিগান।

নদীর কলতানে তার হাসির অনুরন,
পাহাড় ছুঁয়ে আসা হাওয়ায় তার কেশের চঞ্চলন।
চোখ বুজলেই যেন দেখি—
দীর্ঘ ছায়া পেরিয়ে হেঁটে আসে রূপকথার তরী,
তার বুক জুড়ে প্রজাপতির ডানা,
তার শব্দে বাজে নিঝুম অরণ্যের বীণা।

সে যেন ধরা না দেওয়া সন্ধ্যার রঙে
ছুঁয়ে যায়, মিলায় আবার নীলিমা ঢঙে।
যদি আবার একদিন সে ভোরে জাগে,
আমার কল্পনা তাকে দেখুক আগাগোড়া আলোর সুরে।

সে বসন্তের অশোক বনে একান্তে
যা নিউরনের প্যাচালো পথ বেয়ে,
চিন্তা আর অনুভূতির রক্তচঞ্চল নদীতে
একেকটি স্নায়ু বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে।

নিদারুণ কল্পবৃক্ষে পাতা ঝরা শেষে....
পৌঁছে যায় গহীন অন্ধকারে,
অথবা সেখান থেকেই নতুন সূর্যের আলো,
একটি নতুন চিন্তা, নতুন প্রেমের আঁচলে উঠে আসে।

তার ছোঁয়া যদি আমাকে পেত,
তাহলে আমার ভিতর নতুন স্নায়ুর গতি,
নতুন আলোয় ভরে উঠতো।
এই পৃথিবীর যেখানে প্রেমের কোনো সীমা নেই,শুধু এক প্রবাহ, এক গতির ধারায়
শব্দগুলো ঝরে পড়ে।
জেগে ওঠে প্রেম এক বিস্মৃত অন্ধকারে ।।


২০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।