অশুভের আত্মজ
- BIDYUT BARAN BARIK ( বিদ্যুৎ বরণ বারিক)

আমি যেন সেই কালো কাক,
যার ডানায় শুভকাজের নিশান উড়ে না—
শুধু শঙ্কার কাঁপুনি বয়ে আনে জানলার কাচে।
আমার হাঁসি যেন ধূসর বসন্ত,
যেখানে পল্লব গজায় না—
ফুল ফোটার বদলে ঝরে পড়ে কুঁড়িগুলো,
যেন তারা আগেই জেনে গেছে আমার আসা।

আমি সেই ছায়া,
যে সূর্য ওঠার আগেই ছড়িয়ে পড়ে আঙিনায়,
যার পায়ে পায়ে হোঁচট খায় মঙ্গলগাঁথা।
তাই সবাই সরে যায়,
আমি যেন চোরাবালি—
স্পর্শ করলেই টেনে নিয়ে যায় গভীর অন্ধকারে।

তবু আমিও চাই,
আমার নিঃশব্দ হাহাকার যেন
কারোর আনন্দ-আকাশে মেঘ না টানে।
আমি চাই—
আমার ছায়া যেন শুধু আমাকেই গ্রাস করে,
কোনো নতুন আলোর প্রদীপে না পড়ে এই ছায়া।

আমার অপয়া নামের পঙ্কিল নদী,
না ছুঁক কারোর আশীর্বাদের নৌকা।
আমি থাকি দূরে—
জলজন্তুদের মত নিঃশব্দে, নিঃসঙ্গে।


২৬-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।