রবি অর্ঘ ১
- BIDYUT BARAN BARIK ( বিদ্যুৎ বরণ বারিক)
তুমি —
আলোর সেই প্রথম অক্ষর,
যা সৃষ্টি করে ছায়ার ভাষা।
তুমি —
মেঘের কোলজুড়ে ঘুমিয়ে থাকা
ঝরনার গোপন আশা।
তুমি —
চোখের পাতায় জমে থাকা স্বপ্ন,
যা জেগে ওঠে নীরব রাতে।
তুমি —
সেই নাম, যা উচ্চারিত হলে
ভেসে আসে প্রাণের সাথে।
তুমি —
জীবনের সেই সুর,
যা ভাঙে না কখনো মৌনতায়।
তুমি —
অন্তর্লীন ছন্দের শরীর,
যা হৃদয় চেনে অজান্তায়।
তুমি —
সূর্যাস্তে পড়া সন্ধ্যা বর্ণ,
যা গলগলিয়ে নামে চোখে।
তুমি —
সেই গান, যা শোনা যায়
একজনার নিভৃত শোকে।
তুমি —
সৃষ্টির সেই মৌল কণিকা,
যা কবিতাকে দেয় শ্বাস।
তুমি —
ধ্বনি ও নিরবতার মধ্যখানে
এক অদৃশ্য আত্মপ্রকাশ।
তুমি —
সময়ের পাড়ে ঠায় দাঁড়িয়ে থাকা
অতীতের এক প্রহর।
যার পদচিহ্নে ইতিহাস
গাঁথে ভালোবাসার গহর।
তুমি —
চিত্রাঙ্গদার দীপ্ত উচ্চারণ,
শ্যামার জলে গড়া দীঘি।
তুমি —
বিনোদিনীর নরম অভিমান,
রতনের চোখে লেখা বিহ্বল পঙ্ক্তি।
তুমি —
কবিতার মাঝে নাম না জানা কাঁপুনি,
তুমি বাউলের অন্তর্ধান।
তুমি —
অন্য সকল প্রেমেরও ঊর্ধ্বে,
এক মহাজাগতিক জান।
তুমি —
বাল্মীকির আশিসে জেগে ওঠা বীণাপাণি,
যার সুরে কাঁপে পাষাণপ্রাণ।
তুমি —
জোছনায় ভিজে থাকা একা সন্ধ্যা,
যেখানে প্রেম রাখে তার প্রাণ।
০৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।