বৃহনালার প্রেম ১
- অনুপ কুমার বিশ্বজিৎ

জন্মের মুহূর্তেই সমাজের রায়—
“তুই ভিন্ন, তুই অসম্পূর্ণ।”
মায়ের কোলেই শুরু হয় অশ্রুর স্রোত,
বাবার চোখে লুকানো অবহেলা।

তবু হৃদয় তারও কাঁপে,
অদৃশ্য সুরে বেজে ওঠে প্রেমের ডাক,
চায় কারো আঙুল ধরে
চাঁদনী রাতে হাঁটতে দূর পথ।

কিন্তু…
সমাজের চোখে সে কেবল উপহাস,
তার প্রেম এক অনাহুত অতিথি,
তার আকাঙ্ক্ষা এক অনুচ্চারিত নিষেধাজ্ঞা।

যাকে ভালোবাসে,
সে ফিরে তাকায় না;
শুধু ফিসফিসিয়ে বলে—
“তুই তো বৃহনালা… প্রেম কাকে দিবি?”

তবুও সে ভালোবাসে,
ভালোবাসে ভাঙা আয়নার মতো,
যেখানে প্রতিচ্ছবিও কাঁদে—
কেবল প্রমাণ করতে—
ভালোবাসারও কোনো লিঙ্গ নেই।


২৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।