বৃহনালার প্রেম ২
- অনুপ কুমার বিশ্বজিৎ

আমার প্রেমে কি দোষ আছে বলো?
শুধু আমি বৃহনালা বলে—
তোমরা আমায় মানুষ গোনো না!
আমার বুকে যে আগুন,
তা কি তোমাদের চেয়ে কম উষ্ণ?

আমিও চাই স্পর্শে গলে যাক ব্যথা,
আমিও চাই রাত জেগে শুনতে কারো নিঃশ্বাস।
কিন্তু তোমরা দেয়ালে আটকে দাও—
অপমানের ইট, ঘৃণার সিমেন্টে গড়া।

আমার চোখে প্রেম দেখে হাসো,
আমার স্বপ্নকে ডুবিয়ে দাও ব্যঙ্গের সমুদ্রে।
তবু শোনো—
আমি প্রেমিকাও, আমি প্রেমিকও,
আমি সেই রক্তমাংসের মানুষ
যার হৃদয় ভাঙলেও ভালোবাসে।

আমার প্রেম আগুন—
যে আগুনে তোমাদের ভণ্ড সমাজ পুড়ে ছাই হবে।
আমার প্রেম বিদ্রোহ—
যেখানে নারীর, পুরুষের, লিঙ্গের শিকল ভেঙে
শুধুই থাকবে এক শব্দ— ভালোবাসা।


২৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।