রাত তিনটায়
- অনুপ কুমার বিশ্বজিৎ
রাত তিনটার নিস্তব্ধ ঘড়িতে,
ঘুম ভেঙে বসে আছি আমি—
তোমার অনুপস্থিতির শূন্যতায়
জোনাকির আলোও যেন কাঁদে।
অতীতের সেই ভাঙা কথোপকথন,
যেখানে অভিমান ছিলো আগুনের মতো,
আর আমার এক চিলতে ভুল—
হয়ে উঠেছিলো আমাদের চিরবিচ্ছেদ।
তুমি বলেছিলে—
"ভালোবাসা মানে শুধু ছোঁয়া নয়,
বিশ্বাসের দেওয়ালে দাঁড়ানো এক মন্দির।"
আমি তবুও অজান্তে ভেঙে দিয়েছিলাম সেই মন্দির।
আজও বুকের ভেতর কামনার শীতল আগুন,
যেখানে তোমার ঠোঁটের স্বাদ—
অমৃতের মতো রয়ে গেছে অদেখা গোপনে।
তবু তুমি অভিমানে সরে গেলে,
আমার আকুল আহ্বান শুনলে না।
রাত তিনটায় এই নক্ষত্রভরা আকাশ—
আমাকে প্রশ্ন করে,
"যদি সত্যিই তাকে ভালোবাসতে,
তবে কেনো হারালে?"
আমি জানি উত্তর নেই আমার কাছে,
শুধু আছে হাজার অভিযোগের ভার,
তোমার চোখে জমে থাকা নোনাজল,
আমার কণ্ঠে আটকে থাকা ক্ষমাপ্রার্থনা।
রাত তিনটায় আমি শুধু লিখি—
অভিমানী প্রেমিকার উদ্দেশে,
“ফিরে এসো না যদি, অন্তত অভিশাপ দাও,
কারণ নীরবতা তার চেয়ে ভয়ংকর।”
১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।