অর্ঘ্যের অপমান
- অনুপ কুমার বিশ্বজিৎ
নিলাম ঘরের মতো সাজালে ভালোবাসা—
তাহলে হৃদয় নয়, শুধু দেহের দাম মাপা হয়।
যদি প্রতিদানেই বাঁধা থাকে স্নেহ,
তবে সে তো আর প্রেম নয়,
সে কেবল বেচাকেনার মলিন হিসেব।
যেখানে চুম্বন হয় মুদ্রার সমান,
আলিঙ্গন দাঁড়ায় কেবল শর্তের খুঁটিতে,
সেখানে প্রেমের পবিত্র রোদ
ডুবে যায় লজ্জাহীন রাতের আঁধারে।
হৃদয় যদি চায় নিখাদ দান,
কিন্তু তুমি ফেরৎ পাওয়ার আশায়
হিসাব কষো প্রতিটি অশ্রু, প্রতিটি হাসি—
তাহলে বলো, তোমার সাথে সেই পতিতার
পার্থক্যই বা কোথায়?
প্রেম মানে তো মুক্তির স্বর,
অর্ঘ্যের মতো অর্পণ,
যেখানে বিনিময় নেই, আছে শুধু অনন্ত জ্বালা।
তুমি যদি তাতে দাও মুনাফার হিসেব,
তবে তোমার প্রেমও পতিতার দালানে
হারায় পবিত্রতা—
শুধু নামের পার্থক্যে টিকে থাকে মরীচিকা।
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।