চিরন্তন পথিক
- অনুপ কুমার বিশ্বজিৎ

এ কেমন খেলা সাজিয়েছো তুমি —
যেখানে আমি নই কোনো রাজা,
নই কোনো জয়ী সেনাপতি,
আমি শুধু এক পথহারা যাত্রী,
তোমার স্মৃতির মরুভূমিতে ঘুরে ফিরি।

তোমার ভালোবাসা ছিল যেন মরীচিকা —
চোখে লাগে জল, তবু ছুঁতে গেলে হারিয়ে যায়,
আর আমি, বুকে নিয়েছি সেই শূন্যতার তৃষ্ণা,
যেন এক নদী — শুকিয়ে গেলেও
সাগরের পথে ছুটে চলে অবিরত।

প্রেমের বির্সাজন তুমি দিয়েছিলে দূর আকাশে,
আমি এখনো বহি সেই বিদায়ের ভার,
যেন শরতের গাছে শুকনো পাতা
ঝরতে চায় না — ঝরে পড়লেও
ধরে থাকে হাওয়ার স্মৃতিতে।

হয়তো এই খেলায় আমার নাম নেই,
তবু আমি হেঁটে যাই — তোমার অজানা দিকে,
চিরন্তন পথিকের মতো,
প্রেমহীন প্রেমের পথ ধরে।


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।