বিলুপ্তির নিমন্ত্রণ
- অনুপ কুমার বিশ্বজিৎ

কেনোই বা কাছে ডাকো, প্রিয়,
যখন তোমার ছায়াতেই আমি হারাই আলো।
কেনোই বা বলো “থাকো”,
যখন তোমার নীরবতায় আমার সত্তা হয়ে যায় শূন্যতার কালো।

তোমার আহ্বান যেন জোছনার মতো —
ডাকে, ছুঁয়ে দেয়, আবার ঢেকে দেয় অন্ধকারের পর্দায়।
তোমার স্পর্শ যেন বিষণ্ন বসন্ত —
ফুল ফোটায়, তবু ঝরিয়ে দেয় প্রাণের রঙ এক নিমেষে।

আমি তো এসেছিলাম তোমার ডাকে,
অস্তিত্ব নিয়ে, আশা নিয়ে, ভালোবাসার অজানা বিশ্বাস নিয়ে।
তুমি তবু সেই অস্তিত্বটাকে ভাঙলে নিঃশব্দে,
যেন বালুকাবেলায় গড়া দুর্গ ভেঙে দেয় এক ফোঁটা জলের স্পর্শে।

তবু কেনো ডাকো? কেনো দাও বিলুপ্তির পথ?
যদি শেষমেশ ভাসিয়ে দেবে —
তবে নিঃশব্দ রাতেই ডেকে নাও,
যেখানে আমি হারিয়ে যেতে পারি তোমারই অনন্ততায়।


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।