অন্তরের আশঙ্কা
- অনুপ কুমার বিশ্বজিৎ
আমি জানি, তুমি যাবে না দূরে,
তুমি সেই চিরপরিচিত আলোর মতো,
যে আলো নিভে যায় না,
শুধু মাঝে মাঝে মেঘে লুকায়।
তবু কেনো এ হৃদয় কেঁপে ওঠে—
কিসের ছায়া আসে অন্তরাল থেকে?
তুমি যদি নদী হও,
আমি সেই তীর—
দিনরাত তোমার স্রোতে ভিজে থাকি,
তবু ভয় পাই,
যদি কোনোদিন নীরব হয় তোমার জলের গান,
তবে কি শুকিয়ে যাবে আমারও অস্তিত্ব?
তুমি যদি আকাশ হও,
আমি সেই ছোট মাটির প্রদীপ,
তোমার বিস্তারে টিকে আছি ক্ষীণ আলোয়;
তবু আশঙ্কা জাগে—
যদি হঠাৎ তোমার মেঘেরা এসে ঢাকে
আমার শেষ জ্যোতি!
জানি, তুমি ছেড়ে যাবে না,
তবু হৃদয়ের কোনো গভীর কোণে
একটা অচেনা সুর বাজে নিঃশব্দে—
যেন ভয়েরও এক মৃদু প্রার্থনা,
যে ভয় হারানোর নয়,
বরং হারিয়ে ফেলার—
তোমারই ভেতরে, তোমারই আলোয়।
তবু, প্রিয়,
যদি ভয়ও ভালোবাসারই আরেক রূপ হয়—
তবে আমায় ভয় পেতে দিও সারাজীবন,
কারণ এই ভয়েই বেঁচে থাকে প্রেম,
এই আশঙ্কাতেই অমর হয় হৃদয়।
২০-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।