দূরের আলোয় তুমি
- অনুপ কুমার বিশ্বজিৎ

সে তো ভাগ্যবান — পেয়েছে তোমার সকাল-হাসি,
আর আমি, নিঃশব্দ দুপুরের জানালায় দাঁড়িয়ে
গুনে যাই বাতাসের পায়ের শব্দ —
যেখানে প্রতিটি দমকা হাওয়া
তোমার অচেনা ছায়ার মতো এসে ছুঁয়ে যায় মন।

হাজার প্রহর পেরিয়ে থেকেও
অপেক্ষা কেবল বেড়ে ওঠে কুয়াশার মতো —
যেন শরতের নদী, যেখানে জলের চেয়ে বেশি স্বপ্ন ভাসে।
লাঞ্ছনা, বঞ্চনা — এসব শব্দ আজ
আমার চিরচেনা আলোকছায়া,
যাদের কোলে আমি ঘুমাই নির্জনে।

তোমাকে পাওয়া আমার পক্ষে ছিলো
নক্ষত্র ছোঁয়ার মতো দুরাশা;
তবু না-পাওয়ার এই নিশীথে
আমি পাই এক পৈশাচিক আনন্দ —
যেন মৃত ফুলের ভেতরেও
রয়ে গেছে গন্ধের আভাস,
যেন হারানো ভালোবাসাই
জীবনের একমাত্র পরিপূর্ণতা।


২৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।