অধিকারহীন আলো
- অনুপ কুমার বিশ্বজিৎ
বৃষ্টিভেজা সন্ধ্যা আজ,
আকাশে ঘন মেঘের পর্দা,
দূরে মন্দিরের প্রদীপে ঝলমল করে এক নরম জ্যোতি—
আমি সেখানে দাঁড়িয়ে, নীরব প্রতিজ্ঞার মতো।
আমি আগমন করিনি অধিকারের প্রত্যয়ে,
নয় ভালোবাসা লুণ্ঠনের অভিলাষে।
আমি এসেছি নিঃশব্দ আলোকরেখা হয়ে,
যেন অন্ধকারেও কেউ অনুভব করুক আমার না-বলা উপস্থিতি।
আমি আসিনি উল্লাসের অর্ঘ্যে নৃত্য করিতে,
বরং নীরবতার ধূপে বিলিয়ে দিতে মন,
যেখানে অন্যের হাসিই আমার পূজার ঘণ্টাধ্বনি।
আমার নাহি অধিকার, নাহি দাবি,
তবু হৃদয়ের অন্তঃস্থলে প্রজ্জ্বলিত এক শিখা—
যে আলোকিত করে, কিন্তু ভস্ম করে না।
আমি বঞ্চনা আনিতে চাই না কারো জীবনে,
চাই শুধু স্মৃতির এক নিরালোক ছায়া হতে,
যে ছায়া নিশীথের প্রার্থনার মতো
নিঃশব্দে ছুঁয়ে যায় কারো মন্দির-মন।
আমি এসেছি জানাইতে—
ভালোবাসা মানে জয় নয়, অধিকার নয়,
তা এক শুদ্ধ বিসর্জনের রথযাত্রা,
যেখানে নিজের স্বপ্নকেই অর্পণ করিয়া
অপরের সুখকে দেবতা করা হয়।
---
২৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।