পথভ্রষ্ট ধুমকেতু
- অনুপ কুমার বিশ্বজিৎ
আমি ছুটে যাই —
যেন এক পথভ্রষ্ট ধূমকেতু,
নিজের আগুনে জ্বলে
তবু তোমার কক্ষপথে ফিরতে চায়।
তুমি — এক প্রাচুর্যের নগরী,
যেখানে আলো ঝলমলে জানালাগুলোর ভেতর
অপেক্ষা করে না কেউ,
শুধু আয়নাগুলো হাসে বিলাসের চেহারা নিয়ে।
আমি বুঝি না, কেনো এই অবুঝ মন
তোমার নাম শুনলেই
রক্তে ছড়িয়ে দেয় অতিরিক্ত গতি,
যেন ভালোবাসা নয়, এক রোগ —
ধীরে ধীরে কোষে কোষে বেড়ে ওঠে
তোমার প্রতি লালসার ক্যান্সার।
চাই না, তবু যাই —
যেন মৃত্যুর দিকেও প্রেমে পড়া এক ভিখারি,
যার হাতে ফুল নেই, শুধু পোড়া পত্রিকার গন্ধ,
তবু বিশ্বাস করে —
তোমার দর্শনেই হয়তো মুক্তি আছে।
২৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।