আমি আজ মানুষ না
- অনুপ কুমার বিশ্বজিৎ
আমি আজ মানুষ না— এক খণ্ড ক্লান্তি,
রোদে পোড়া বিকেল, ঘামে মিশে শান্তি।
চোখে ঘুম নেই, মুখে হাসির মুখোশ,
ভেতরে জ্বলে আগুন, বাইরে নিঃশব্দ শোক।
প্রতিদিন বেরোই আমি যুদ্ধের পোশাকে,
কাঁধে সংসার, পিঠে দায়িত্বের বাক্যে।
কে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি?
সবাই চায় ফল— কেউ দেখে না ভূমি।
ভালোবাসা হারিয়েছি পথে কোথায় জানি না,
প্রেম ছিল সত্যি— এখন শুধু কল্পনা।
যে ছিল পাশে, সে-ও আজ দূরে,
অভিমান জমে আছে পুরোনো ঘুরে।
রাতে ঘরে ফিরে চুপচাপ বসে থাকি,
দেয়ালের ফাঁকে শুনি নিঃশব্দ বাক্যবাণী।
বালিশে ঘাম, মনে ঝড়, চোখে নেই নক্ষত্র,
বেঁচে থাকা আজ যেন কাজ, নয় কোনো চরিত্র।
বন্ধুরা বলে— “তুই তো শক্ত ছেলে,”
কিন্তু কেউ বোঝে না, শক্তিরও ব্যথা মেলে।
পুরুষের চোখে জল মানে দুর্বলতা,
তাই কান্না গিলে ফেলি, রাখি নীরবতা।
আমি আজ মানুষ না, এক চলমান দায়,
যে হাসে বাইরে, ভেতরে মরে যায়।
তবু বিশ্বাস রাখি— একদিন কোনো ভোরে,
এই মুখোশ খুলে বলব ধীরে ধীরে—
“আমি মানুষ ছিলাম, ভালোবেসেছিলাম,
ভুলিনি এখনো... কেবল লুকিয়ে আছি শূন্য ঘরে।”
২৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।