আজ আমি অতিথি
- অনুপ কুমার বিশ্বজিৎ

আজ না হয় আবার হলাম অতিথি,
তোমার চোখের আঙিনায়,
যেখানে প্রতিটি দৃষ্টি যেন জানালা —
ভিতরে লুকানো এক অচেনা ঋতু।

আমি এসেছি নিঃশব্দে,
পদচিহ্ন রাখিনি দরজার ধুলোয়,
শুধু চেয়েছি, একবার যদি আলো ফোঁটে —
তোমার মুখে, আমার জন্যে।

আমার আগমন কোনো উৎসব নয়,
না কোনো চিরন্তন প্রতিশ্রুতির ঢেউ,
আমি এসেছি ঠিক যেমন আসে
ভোরের শিশির — অচেনা ঘাসের গায়ে।

তুমি যদি চাও, আমায় চিনবে না,
আমি হেসে মিশে যাব বাতাসের সুরে,
কিন্তু যদি একবার চোখ তোলো —
তবে বুঝবে, আজও আমি একই রূপক অতিথি।

ভালোবাসার জন্য নয়,
শুধু একবার তোমায় দেখিবার লাগি —
আজ না হয় আবার এলাম,
অতিথি হয়ে, এক মুহূর্তের জন্য।

শুধু তোমার ভালোবাসার দোয়ারে দাঁড়িয়ে,
দেখি তো, এখনো কি জ্বলে
আমার জন্য কোনো প্রদীপ,
তোমার চোখের গভীরে।


৩০-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।