বেঁচে থাকাটাই এখন প্রতিবাদ
- শুভ রাম
শহর এখন মানুষ খায় –
হাসির ভেতর থেকে কাঁদা তুলে খায়।
চোখের ভেতর থেকে স্বপ্ন ছিঁড়ে ফেলে দেয়
তারপর বলে – “এই তো জীবন, মানিয়ে নে।”
রাতগুলো এখন বিজ্ঞাপনের আলোয় ঢাকা
তবু এই আলোয় কোনো উষ্ণতা নেই।
রাস্তায় যারা হাঁটে তারা মানুষ নয়
চলার অভ্যেসে আটকে পড়া যন্ত্র মাত্র।
আমি মাঝে মাঝে থেমে যাই
বাতাসে মায়ের গলার আওয়াজ খুঁজি –
“খেয়ে নিস তো?”
কিন্তু শহরটা এত আওয়াজে ভরা,
সেই ডাক এখন কেবল স্মৃতির ভিতরে কাঁপে।
বাবার চশমার কাচে জমে থাকা ধুলোর মতোই
আমার স্বপ্নগুলোও এখন ঝাপসা,
তবুও প্রতিদিনের সকাল আমাকে নতুন করে লড়াইয়ে টেনে আনে।
এ শহরে এখন কেউ কাউকে ভালোবাসে না
সবাই কেবল প্রয়োজনমতো মনে রাখে ;
আর প্রয়োজন ফুরোলে ভোলার শিল্পে নিপুণ হয়ে ওঠে।
আমি তবু একটা গ্রাম খুঁজি –
যেখানে সন্ধ্যায় ধোঁয়া ওঠে চুলা থেকে
মাটির গন্ধে ভিজে যায় পৃথিবী
আর মা বসে থাকে দরজার পাশে
আমার ফেরার আশায়।
এই শহরটাকে ছেড়ে যেতে চাই না
কিন্তু বেঁচে থাকাটাকেও ভালো লাগে না।
তবুও বাঁচি –
কারণ বেঁচে থাকাটাও এখন এক ধরনের প্রতিবাদ।
০২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।