শেষ বারে - তুমি
- অনুপ কুমার বিশ্বজিৎ
শেষবার তোমার চোখে যখন তাকিয়েছিলাম,
ভেতরে যেন ভাঙছিলো এক নীরব শহর।
তুমি চুপ, আমি কাঁপছিলাম —
অচেনা দূরত্বে জমে উঠেছিলো অজানা প্রহর।
শেষবার হাতটা ছুঁয়েছিলাম হাওয়ার মতো,
তুমি টেনে নিয়েছিলে তোমার আঙুল — ধীরে, নিঃশব্দে।
সে ছোঁয়ায় যেন শেষ হয়ে গেলো
আমাদের প্রতিটি অসমাপ্ত প্রতিশ্রুতি, অদেখা রবিবারের দুপুর।
শেষবার তোমার নামটা উচ্চারণ করেছিলাম,
তখনও বিশ্বাস করতাম — ফিরে আসবে হয়তো।
আজ বুঝি, কিছু ভালোবাসা ফিরে আসে না,
শুধু থেকে যায় বুকের ভেতর নোনাধরা কুয়াশার মতো।
শেষবার হাসতে দেখেছিলাম তোমাকে —
সেই হাসি আজও তাড়া করে স্বপ্নে,
আর আমি জেগে উঠি —
প্রতিটি ভোরে, এক নতুন শূন্যতা নিয়ে।
০৯-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।