শেষ ছোঁয়া
- অনুপ কুমার বিশ্বজিৎ
আকাশটা আজ যেন ক্লান্ত কোনো চিঠি —
অক্ষর মুছে গেছে, কেবল রঙের ছায়া।
বৃষ্টির গন্ধে ভিজে আছে বিকেলের বাতাস,
পাতারা কাঁপে, যেন কারও ফিসফিসে কথা শুনছে।
সেই সময় —
তুমি আসো, ঠিক হেমন্তের শেষ রোদ্দুরের মতো,
শরতের পাতা তোমার পায়ের নিচে ভাঙে
যেন আমার বুকের ভেতরের কোনো চিরচেনা শব্দ।
আমি তখন নদী — শান্ত, অথচ টেনে নিতে চাই তোমায়,
তুমি সূর্য — ছুঁয়ে দাও, কিন্তু স্থির হও না।
তোমার ছায়া পড়ে জলের ওপর,
আমি তাতে আমার মুখ খুঁজে পাই।
শেষ বারের জন্য না হয় তুমি আমার হও —
এই গোধূলির রঙে,
যেখানে আলো আর অন্ধকার একে অপরকে ছুঁয়ে যায়
কিন্তু মিশে যেতে পারে না কখনও।
তারপর তুমি চলে যেও —
আমি থাকবো কেবল ভেজা বাতাস হয়ে,
যে বাতাসে তোমার নাম এখনো ঘোরে
অপ্রকাশিত কোনো ভালোবাসার মতো…
১০-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।