একটি মেয়ে আছে
- শুভ রাম
আমার ভিতরটা কেমন যেন বদলে গেছে
হৃদয়ের স্পন্দন যেন নিজেই নিজের তাল ভুলে গেছে।
চলাফেরা করি ঠিকই
তবু প্রতিটি পা ফেলায় মনে হয়, আমি কোথাও নেই
অথবা, আছি কিন্তু আমার ভেতরটা নেই।
সবকিছু আগের মতোই আছে
তবু কোথাও যেন আগের আমি আর নেই।
রোদ ওঠে, বৃষ্টি নামে,
কিন্তু আমার মনের আকাশে ঋতুর কোনো ক্রম নেই এখন;
সব একসাথে ভেসে বেড়ায়
হয়তো কোনো এক না বলা ভালোবাসার ভারে।
এক অচেনা অনুভূতি এসে
আমার প্রতিদিনের নিঃশব্দতায় ঘর বেঁধেছে,
যাকে আজও উচ্চারণ করিনি কারও সামনে...
আমার হঠাৎ বদলে যাওয়া আচরণ নিয়ে
লোকেরা মুখে মুখে অনেক কিছুই আলোচনা করে
অনেকেই অনুমান করে অনেক কিছুই বলে
যদিও আমি প্রায়শই কিছু বলি না কাউকে,
কিন্তু একটা সত্যি কথা আছে
কেউ যদি জিজ্ঞেস করে, বলব—
আসলে, একটা মেয়ে আছে।
আমার প্রতিটি লেখা, প্রতিটি নিঃশ্বাসে
ওর একটুখানি ছোঁয়া থাকে।
সে আমার কবিতার প্রথম কমা, শেষ পূর্ণচ্ছেদ।
সব অনুপস্থিতিতেও ওর উপস্থিতি
আমার বাক্যের ভেতর বেঁচে থাকে।
একটা মেয়ে আছে
যার নাম উচ্চারণ করলেই বুকের ভেতর বাতাস আটকে যায়,
যেন শব্দেরও একটা ধমক থাকে
যা নীরবতাকেও কাঁপিয়ে দেয়।
সে হঠাৎ হেসে ওঠে
এবং আমার পৃথিবীর সমস্ত বিষণ্ণতা
হাসির নিচে লুকিয়ে যায়।
তার হাসি কোনো শব্দ নয়
ওটা যেন ঈশ্বরের কোনো নরম আশীর্বাদ
যা শুধু আমার জন্য পাঠানো হয়েছে খুউব গোপনে।
একটা মেয়ে আছে
যে আমার জীবনের নামহীন শূন্যতার ঠিক মাঝখানে বস করে
যেন সে-ই আমার না বলা সব কবিতার নীরব কেন্দ্রবিন্দু।
তার কথা বললে শব্দেরা হারিয়ে যায়
আর নীরবতাই হয়ে ওঠে একমাত্র ভাষা।
সে কোনো মানুষ নয় সে এক অস্তিত্ব
যে আমার মনোজগতের ধুলোয় পা রেখে
চলে বেড়ায় ছায়ার মতো
কখনো দেখা যায়না শুধু অনুভব করা যায়।
তার চোখের ভেতরে আমি এক আকাশ দেখি
যেখানে দুঃখের মেঘও সুন্দর লাগে
কারণ সেগুলো তার চোখে জন্মানো।
তার হাসি একরকম মৃত্যুর মতো;
যা পেয়েও মানুষ হারায়
হারিয়েও আবার ফিরে পেতে চায়।
ওর চোখে যেন এক অদ্ভুত নক্ষত্র বাসা বেঁধেছে
যা তাকালেই মুগ্ধতা জাগায়
আর একবার তাকালেই
নিজেকে হারিয়ে ফেলি আমি।
ওর চোখের ভেতর যেন এক নদী আছে
যেখানে আমার ক্লান্ত আত্মা সাঁতার কাটতে শেখে।
সে কথা কম বলে
তবুও তার নীরবতায় অদ্ভুত এক ভাষা আছে,
যা আমি হৃদয় দিয়ে শুনি
যা কানে নয়, আত্মায় বাজে।
তার একটুখানি স্পর্শ, একটুখানি উপস্থিতি
আমার দুঃখের সবচেয়ে অন্ধকার কোণেও আলো জ্বালে।
সে কোনো মানুষ নয় শুধু সে এক অনুভূতি
যার গন্ধ থাকে বাতাসে
যার প্রতিচ্ছবি মেঘে মিশে।
আমি তাকে ধরতে চাই না
আমি শুধু চাই তাকে টের পেতে
যেভাবে ভোর টের পায় সূর্যের আগমনের ইঙ্গিত।
সে যদি আমার না-ও হয়
তবু এই পৃথিবীতে তার থাকা যথেষ্ট,
কারণ আমার হৃদয়ের নামের পাশে
চুপিচুপি লেখা আছে—
“একটা মেয়ে আছে।”
০৫-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।