আমি যেন এক উদাসীন পাখি
- অনুপ কুমার বিশ্বজিৎ

আমি যেন এক উদাসীন পাখি

আমি যেন এক উদাসীন পাখি,
আকাশের বুক ভরে উড়ে বেড়াই—
প্রতিটা ডানায় জমে থাকে
অপ্রকাশিত প্রেমের কোমল দীর্ঘশ্বাস।

সকালের ধূসর আলোয়
আমি ডানা মেলে অপেক্ষা করি,
যে হাসিটা একদিন
আমার আকাশে রোদ হয়ে উঠত—
আজ সেটাই দূরের কোনো নীহারিকা।

বিরহ আমার নীড়ের মতো,
ফিরে যাই আবারও সেখানে,
যেন প্রতিটা শুকনো ডালে
তোমার নাম ঝরে পড়ে নীরবে।

উপেক্ষার বাতাসে আমি টলে যাই,
তবুও ভাঙা ডানায় ভর দিয়ে
জীবনের বিস্তৃত নীলাকাশে
আবার উড়তে শিখি—
কারণ আকাশ তো থেমে থাকে না কখনো
আর আমি পাখি,
আমার কাজ উড়া।

তাই সব হারিয়েও
দিনের শেষে আমি আকাশে লিখে যাই—
“জীবন মানেই উড়ে চলা,
আর প্রেম মানেই ফিরে ফিরে আসা
অদৃশ্য কোনো সকালের প্রত‍্যাশায়।”


০৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।