নির্জন পাখি
- অনুপ কুমার বিশ্বজিৎ

আমি এক নির্জন পাখি,
উদাসী হাওয়ার সাথে মিশে আছি কতদিন—
ডানার নিচে জমে থাকা মেঘেরা
তোমার বলা না–বলা কথার মতোই
ভারী হয়ে থাকে।

সকালের প্রথম আলোয় আমি
তোমার প্রত‍্যাশার মতোই জেগে উঠি;
তবু তুমি থাকো দূরের কোনো
নরম, অবাঙ্খিত কুয়াশার মতো—
দেখা যায়, ছোঁয়া যায় না।

প্রেম আমার কাছে এখন
মেঘের ভেতর সূর্যের মতো—
আলো আছে, উষ্ণতা আছে,
কিন্তু পৌঁছানোর পথ নেই।

তোমার উপেক্ষা যেন
একটা দীর্ঘ শূন্য আকাশ—
যেখানে আমি উড়তে উড়তে
শুধু নিজের ডানার শব্দ শুনি;
তোমার নামের প্রতিধ্বনি
আজ আর কোনো দিক থেকে ফিরে আসে না।

বিরহ আমাকে শিখিয়েছে
আকাশও কাঁদে—
শুধু তার চোখের জল
বৃষ্টি হয়ে পড়ে পৃথিবীতে।

তবু আমি পাখি;
সব কষ্ট, সব দূরত্ব, সব না–ফেরা সত্ত্বেও
আবারও ডানা মেলে দিই—
কারণ জীবন মানেই
বারবার পড়ে গিয়ে
আবার উড়ে যাওয়ার সাহস।

আর প্রেম?
প্রেম হলো সেই অদৃশ্য সকাল—
যার আলো আমি দেখি,
কিন্তু জানি,
সে আলো কখনোই
আমার ডানায় থামে না।


০৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।