সূর্য-ছেঁড়া শপথ
- উম্মাদ তাহসিন

ঘুমাস না আর বিলাস-শয্যায়, তোল রে তোল আওয়াজ,
মাথার ওপর শকুনি ওড়ে, ভাঙ রে তোদের লাজ!
ভিনদেশি ওই বেনের দল, আর দেশি দালাল যত,
ভাবলি কি তুই বাংলা আমার মৃত বা আহত?
আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে, ভাবিস না তা ছাই,
ফুঁ দিয়ে আজ নেভাবি আগুন? সাধ্য তোদের নাই!

হুকুম দিয়ে চালাবি দেশ? ওসব তোদের ভ্রম,
আমরা হলাম কালবৈশাখী, আমরাই তোদের যম।
রক্তে কেনা এই মানচিত্র, কারো দয়ার দান?
বজ্রপাতে স্তব্ধ করিস কোকিল-কণ্ঠী গান?
তাকিয়ে দেখ আমাদের চোখে, মহাকালের দাহ,
গিলে খাবো আধিপত্যের বিষাক্ত ওই রাহ।

সূর্যটাকে ছিঁড়ে এনে মশাল করে জ্বালি,
রক্ত দিয়ে মুছে দেবো ইতিহাসের ঐ কালি।
মেরুদণ্ড বাঁকা করে আর সইবো না তো ঋণ,
পায়ের তলায় পিষে মারি গোলামির ওই দিন।
যে হাত আমায় শেকল পরায়, সে হাত দেবো ভেঙে,
প্রলয়-নাচন নাচবো এবার লাল তিলকটা রেঙে।

ষড়যন্ত্রের জাল বুনেছিস? ছিঁড়বো দাতের ধারে,
বানের জলে ভাসিয়ে দেবো তোদের অহংকারে।
আমিই স্বাধীন, আমিই সার্বভৌম, আমিই অনির্বাণ,
ভয় দেখাস না মরণ দিয়ে—তুচ্ছ আমার প্রাণ!
উঠল জেগে বাঁধন-হারা দামাল ছেলের দল,
শপথ নিলাম—মুক্ত রবো, থাকবো অবিচল।


১৯-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।