নতুন বোতলে পুরোনো বিষ!!
- উম্মাদ তাহসিন
চব্বিশের ওই তপ্ত রোদে, রক্ত যখন ঢাললো তারা,
তোমরা তখন কোথায় ছিলে? ভোল বদলে এখন সারা!
শহীদের ওই লাশের ওপর পা ফেলে আজ গদিতে টান,
বিপ্লবীদের ভুললে বুঝি? করছো কেবল নিজের গান?
আগের জনও চাটতো মধু, তোমরাও আজ মৌচাকে,
পার্থক্য তো দেখি না বাপু, কেবল পাল্টানো পোশাকে।
তখন মুখে খই ফুটেছে, ন্যায়ের বুলি ঝরঝর,
এখন কেন হুকুমজারি? মেজাজখানা থরথর!
প্রতিশ্রুতির ঝুড়ি ভরে, চড়লে গিয়ে রথে,
জনগণ আজ নিস্ব হয়ে, ঘুরছে ধুলোর পথে।
বাজার আগুন, পেটে টান, জীবন হলো ওষ্ঠাগত,
তোমরা ব্যস্ত পদ ভাগাভাগি—মিথ্যে আশার বশংবদ।
স্বৈরাচারের প্রেতাত্মা কি ঘাড়েই তবে চাপলো শেষে?
গণতন্ত্র গিলে ফেলে, ভেক ধরেছো সাধুর বেশে।
ভুলো না ভাই, রক্তমাখা সেই সব রাজপথের দাবি,
জনগণই দিয়েছে হাতে ওই সিংহাসনের চাবি।
নাম কাওয়াতে ব্যস্ত ভারী, কাজ দেখাতে লবডঙ্কা,
বিপ্লব বুঝি হলো মাটি? বাড়ছে মনে ঘোর শঙ্কা।
সময় থাকতে শুধরে চলো, ছাড়ো ওই গদির মোহ,
নইলে আবার দাউদাউ করে জ্বলবে কিন্তু জনদ্রোহ!
২৩-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।