নীরব দহন
- ইসমাইল আহসান তুহিন

তুমি ভুল করো—
অথচ ছুড়ে ফেলা দায়টা এসে পড়ে আমার হাতে,
যেন ভালোবাসা মানেই দোষ স্বীকারের অন্ধ চুক্তি।
আমি চুপ করে শুনি,
তুমি ভাঙো, কাঁদো,
আর আমি—
আমি নিজের বুকের ভিতর জ্বলতে থাকা আগুনটাকে
কোনো শব্দ না করে নিভিয়ে ফেলি,
পাছে তোমার ক্লান্তি বাড়ে।

তুমি ছুরি চালাও ভালোবাসার নামে—
ধার দেওয়া যুক্তি, কষ্টের কাব্য,
আর আমি ধীরে ধীরে কেটে যাই—
ভেতর থেকে,
অন্তর থেকে,
তবু মুখে বলি, "ঠিক আছি।"

একদিন তুমি বলেছিলে,
"তোমার ভালোবাসা অক্সিজেনের মতো,"
আজ সেই অক্সিজেনে
তুমিই জ্বালাও আগুন,
আর আমিই ধুঁকে ধুঁকে পুড়ি—
নিঃশব্দে, নিঃশেষে।

তুমি বলো, "তুমি কেন এমন করো?"
আমি কাঁপা কণ্ঠে বলতে চাই,
"কারণ আমি তোমাকে ছাড়া কিছুই জানি না।"
কিন্তু বলা হয় না।
কারণ, তোমার কাছে ভালোবাসা মানে
অধিকার,
আমার কাছে মানে
অস্বীকৃত আত্মবিসর্জন।

তুমি ভুল করো—
প্রতি রাতে, প্রতি রাগে, প্রতি ক্ষোভে।
আর আমি,
আমি সেই নির্বাক অপরাধী—
যে ভালোবেসে নিজেকেই শাস্তি দেয়,
অভিযুক্ত হয়,
জন্মে জন্মে।

@নীরব দহন
৩১ আষাঢ় ১৪৩১ বাংলা
১৫ জুলাই ২০২৫ ইংরেজি
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল।


১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।