চুক্তিনামা
- ইসমাইল আহসান তুহিন

ভেবেছিলাম, সম্পর্ক মানেই—
একজোড়া হাতের আশ্রয়,
ভেবেছিলাম, চোখে চোখ রেখে বলা কিছু কথা চিরকাল সত্য থাকবে।
ভেবেছিলাম, সম্পর্ক মানেই দুইজনের সমান খুঁটি,
একপাশ ভারি হলে ঘর তো ভেঙে পড়ে… তাই না?

কিন্তু তুমি তো একদিন হাতে ধরিয়ে দিলে একটা কাগজ —
শীতল, নিষ্ঠুর, ন্যায্যতার মুখোশে মোড়ানো।
বললে, "ভালোবাসি তো বটেই — কিন্তু এই শর্তে আগে উতরে দেখাও,
ভবিষ্যতের নিশ্চয়তা চাই, শুধু তোমার নয়, আমারও।"

আমি চুপ করে তাকিয়ে রইলাম,
আমার বুকের গহীনে তো তখনও স্বপ্নেরা দুলছিলো,
একটা ঘর, দুটো কাপ চা,
আর খুব সাধারণ দুপুর — যেখানে তুমি আছো, আমি আছি।

সময় চলে যাচ্ছে, এসব শর্ত কাঁধে কাঁধ রেখে পাশে থেকেও পূরণ করা যেতো,
মানুষ বাঁচে আর কতো?

কিন্তু তুমি চাইলেও শুধু চাওয়ার মত করে চাওনি,
চেয়েছো হিসেব করে, নথি করে, শর্ত মেপে মেপে।
তুমি ভালোবেসেছো — কিন্তু মানুষ হয়ে নয়,
কোনো দালান, কোনো মালিকানা, কোনো দায়মুক্তির গ্যাঁড়াকলে আটকে।

আর আমি?
আমি তো শুধু ভালোবেসেছিলাম — সমস্তটা নিংড়ে লদিয়ে।
তাই বুঝতে পারিনি, ভালোবাসার নিচেও নাকি থাকে চুক্তিনামার নিষ্ঠুরতম পদাঘাত!
যেখানে অনুভব গুনে গুনে হিসেব করা হয়।

তুমি আমায় ছায়ার মতো আগলে আছো,
আমার হাত ধরো, রাতে খেয়েছো কিনা জিজ্ঞেস করো,
চলতে গিয়ে হোঁচট খেলে হাতটা মুঠো। শক্ত করে ধরো,
কোথাও সামান্য আঘাত পেলে তোমার চোখ ভেজে,
ঠান্ডায় পা ঢেকে রাখো — যেন চিরচেনা মমতায় ভরা একজন সঙ্গী তুমি।
তবু, যখন আমি সময়ের দ্রুত ফুরিয়ে যাওয়ার ভয়ে জীবনের অবশিষ্ট সবটুকু সময় তোমার সাথে থেকে কাটাতে চাই,
তুমি অদ্ভুত এক কুয়াশার আঙুলে তা মুছে দাও।
তুমি তখন বলো চুক্তির কথা, চোখের গভীরে থাকে এক ইস্পাতের শীতলতা,
যেন কোনো অদৃশ্য মন্দিরের প্রাচীন দেয়াল —
যেটা পার না হওয়া পর্যন্ত তোমার কিছু করার নেই।

তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, অথচ মুক্ত করো না।
তোমার ভালোবাসা যেন নোনা জলে রাখা কুঁড়ির মতো,
বাহিরে সবুজ, ভেতরে শুকনো।
আমি আজও জানি না, আমি প্রেমে আছি না কি বনিকের হিসেবের খাতায়।
কারণ তুমি ভালোবাসো, কিন্তু এক গুপ্ত অঙ্গীকারের শেকলে বাঁধা —
যেটা আমার হৃদয়ের চেয়ে তোমার নীরব প্রতিজ্ঞাকে বেশি মান্য করে।

তোমার এই যত্ন, আবার তারই সাথে নিষ্ঠুরতার আঘাতে আমি ক্লান্ত,
তোমার ছায়ায় আজকাল হাঁপ ধরি।
ভালোবাসি শুনতে ভালো লাগে,
কিন্তু জানি, সেই শব্দের নিচে জমে আছে
অঘোষিত এক শূন্যতা —
আমি একসাথে হাঁটার হাত চাই, আর তুমি এখনো থেমে আছো
তোমার অদেখা প্রতিশ্রুতির পুরোনো দরজার সামনে।

©চুক্তিনামা
০৬ অক্টোবর ২০২৫ ইংরেজি,
হবিগঞ্জ, সিলেট
#তুহিনেরকলম


১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।