হৃদয়ের নীরবতা
- ইসমাইল আহসান তুহিন

অবহেলা কখনো ঝড় হয়ে আসে না,
সে আসে নিঃশব্দে—
প্রথমে অল্প অল্প করে,
যেমন সন্ধ্যার আলো নিভে যায় বুঝে ওঠার আগেই।

একদিন তুমি কথা বলা কমিয়ে দিলে,
কারণ নাকি “সময় পাচ্ছি না”—
আর আমি বুঝতে না পেরে
তোমার অনুপস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেলাম।
ভাবলাম, এইতো সাময়িক ব্যস্ততা,
ফিরবে আবার, হাসবে আগের মতো।
কিন্তু না, তোমার ব্যস্ততা একসময় হয়ে গেল স্থায়ী দূরত্ব।

প্রথমে কষ্ট লাগত,
তারপর অভিমান, তারপর শুধু নিস্তব্ধতা।
মনে হতো, আমি বুঝি তোমার পৃথিবীর এক অপ্রয়োজনীয় অংশ,
যাকে রেখে দিলে বা হারালে তফাৎ হয় না কারও জীবনে।
ধীরে ধীরে আমার ভেতরের আলো নিভে গেল,
অনুভূতি শুকিয়ে গেল নদীর মতো—
যেখানে একসময় উচ্ছ্বাস ছিল, এখন শুধু শুষ্ক পাথর।

তুমি হয়তো টেরও পাওনি,
তোমার অনুপস্থিতি আমার মধ্যে কতটা ফাঁকা তৈরি করেছে।
আমি হাসতে শিখেছি,
কিন্তু সেই হাসির ভেতর আর কোনো রং নেই—
সবকিছু যান্ত্রিক, নিখুঁত, কিন্তু নিস্পন্দ।
একটা সময় পর বুঝলাম,
তোমার জন্য নয়, নিজের জন্যই আমি ক্লান্ত হয়ে গেছি।
অভিমান জমে জমে এখন পাথর,
যা বুকের ভেতর ভারি হয়ে থাকে,
কিন্তু কোনো কান্না বের হয় না আর।

এভাবেই দূরে সরে গেছি—
কোনো চিৎকার নেই, কোনো বিদায়ও না,
শুধু নীরবতার ভেতর হারিয়ে যাওয়া এক মানুষ,
যে একসময় খুব ভালোবাসত,
আর এখন কেবল স্মৃতি মনে রাখে,
বুকের ভেতর হাহাকার হয় কিন্তু শব্দ হয় না।
শুকিয়ে গিয়েছে সব ইচ্ছে, স্বপ্ন ধরাবাঁধার পরিকল্পনা।
কেবল নিয়ম করে বেঁচে থাকার প্রয়োজনে হাতপা নেড়ে চলছি।
একদিন হয়তো ফুরিয়ে যাবো, তোমার থেকে অনেক দূরে সরে যাবো ভীষণ কাছে থেকেও।

©হৃদয়ের নীরবতা
০৯ অক্টোবর ২০২৫ ইংরেজি
হবিগঞ্জ, সিলেট


১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।