অদৃশ্য দহন
- অনুপ কুমার বিশ্বজিৎ
বৈশাখ এলো—
ঝড়ের উন্মাদ ডানায় ভর করে,
আকাশ ভেঙে নামা এক দহন-ছোঁয়া—
আমার হৃদয় জুড়ে রেখে গেল নিঃশব্দ অগ্নিরেখা।
কচুরিপানার মতো ভেসে থাকা দিনগুলি,
অকারণ স্বপ্নের অলস ভেলা—
হঠাৎ স্রোতের টানে ছিন্ন হয়ে যায়,
ডুবে যায় অচেনা গভীরের ডাকে।
নদীর মতো তুমি এলে—
অবাধ, অবিরাম, অশান্ত—
আমার বুকের গোপন তীরে
তোমার ঢেউ আঘাত হেনে যায়।
হৃদয় পুড়ে ওঠে, তবু শব্দহীন,
কোনো ক্রন্দন নেই, নেই কোনো ভাষা—
শুধু ভেতরে জমে থাকা এক অদৃশ্য শূন্যতা,
যা নীরবে বয়ে চলে অন্তহীন স্রোতে।
বৈশাখ, তুমি ঝড় নও শুধু—
তুমি সেই অচেনা অনুভব,
যার নাম কেউ জানে না,
তবু তার ভারে নত হয় সমগ্র অস্তিত্ব।
১৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।