প্রথম দেখা
- দিগন্ত শুভ

প্রথম দেখা
দিগন্ত শুভ
ওহে বালিকা, মনে কি পড়ে সেদিনের কথা?
যেদিন শুনেছিলাম তোমার মধুমাখা কণ্ঠ,
যা রঙিন কালিতে নাশিদে আঁকা ছিল;
আর আমি শুনেছিলাম তা দুদণ্ড—
কোন এক পড়ন্ত বিকেলে হয়েছিল প্রথম দেখা।

​সেদিন থেকেই বুকের ভেতরে কেমন জানি ধুকপুক শব্দ উপলব্ধি করতাম;
কল্পনায় তোমার ছবি আঁকতাম আর আপন মনেই সুখ খুঁজে নিতাম।

​ক্লাসের ফাঁকে তোমার পানে তাকিয়ে থাকতাম—
কখন জানি ফিরে তাকাও তুমিও আমার পানে!
সেই আশা বুকে নিয়ে আকাশ-পাতাল ভাবতাম
আর গান গাইতাম আপন মনে, যা পৌঁছাত না কারো কানে।

​চাঁদবদনখানি দেখিনি তো ঠিক, কিন্তু তোমার চোখের তীক্ষ্ণ চাহনি
ব্যাকুল করে রাখত আমায় সারাক্ষণ, থামিয়ে দিত শীতের কাঁপুনি।

​তোমাকে হয়তো কিছু বলার ছিল, নাদান আমি বলার সাহসই করিনি;
কেননা তুমি যে সর্বদাই ছিলে মনোরম বাগিচার ফুল,
যে বাগানের মালি হওয়ার টিকিটটা আমি পাইনি।
পথিক হয়ে এসেও আমি করেছিলাম মস্ত ভুল;
কাঁটার আঘাত না পাই, সেই আশঙ্কায় হারিয়েছি একূল!

​দীর্ঘশ্বাস ফেলে উন্মাদের মতো ভাবছিলাম—
যদি দুনিয়ায় প্রেরণ করতেন খোদা ভ্রমর রূপে?
উড়ে উড়ে তোমার চারিপাশে মন ভরে দেখতাম!
কাঁটার ভয় তুচ্ছ করে উড়ে গিয়ে বসতাম কোমল পুষ্পে৷

​আজ কত দিন হয়ে গেল তোমার দেখা মেলে না!
তোমার সুরের রঙিন কালি সেই যে লেগেছিল এ মনে, আর তার পুনরাবৃত্তি হলো না।
​জানো কি, আমার না আজও বড্ড শুনতে ইচ্ছে হয় নাশিদ—তোমার কণ্ঠে!
এ রঙের ছিটেফোঁটা আবারো মাখতে মন চায় হৃদয়ের আরো গভীরে৷

​আচ্ছা, তোমারও কি মনে পড়ে আমার কথা?
নাকি সেদিন তুমি খেয়ালই করোনি আমায়?


১৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।