আমি তোমাকে কোনো সোনার খাঁচায় বন্দি করতে আসিনি
- চিত্রণ ভট্টাচার্য
আমি তোমাকে আমার ছায়া হয়ে থাকতে বলিনি,
কিংবা বলিনি আমার পিছু পিছু হেঁটে জীবন কাটাতে।
প্রেম মানে তো একে অপরকে গিলে খাওয়া নয়,
প্রেম মানে দুটি ভিন্ন গ্রহের একই কক্ষপথে চলা।
আমি তোমাকে কোনো সোনার খাঁচায় বন্দি করতে আসিনি,
কারণ আমি জানি, খাঁচায় পোষা পাখি গান গায় না, কেবলই শোকগাথা শোনায়।
আমি তোমার মিষ্টি কন্ঠে গান শুনতে ভালবাসি, তোমার শোকগাথা শুনবার বাসনা নিয়ে তোমার কাছে আসিনি!
আমার হৃদয়ে তোমার জন্য কোনো সিংহাসন পাতা নেই,
সেখানে কেবল একটি খোলা মাঠ আছে,
যেখানে তুমি চাইলে দৌড়াতে পারো, কিংবা জিড়িয়ে নিতে পারো কিছুক্ষণ।
আমি সেই পুরুষ হতে চাই না, যে ভালোবাসার নামে তোমাকে শাসন করার অধিকার কিনে নেয়;
বরং আমি সেই সঙ্গী হতে চাই, যে তোমার উত্তাল দিনে শক্ত মাটি হয়ে থাকে।
তুমি যখন তোমার নিজের সাথে যুদ্ধ করো,
আমি তখন দূরে দাঁড়িয়ে তোমার সাহসের প্রশংসা করি।
আমাকে ভালোবাসলে তোমার আকাশ ছোট হবে না,
বরং তোমার দিগন্তে যোগ হবে আরও কয়েক মাইল নতুন পথ।
আমি তোমাকে জয় করতে চাই না,
আমি কেবল তোমার সাথে বিশ্বটাকে নতুন করে দেখতে চাই।
১৯-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।