সমন্বয়
- সুদীপ তন্তুবায় নীল

কালো মেঘ বলে ওঠে-বরষা নামুক
ভরেছে আমার আজ এ সমুদ্র বুক ।
পাকা ধান বলে-ওরে ও ধৈর্যটা ধর
গোলাতে উঠিলে দিস বরষার ঝড় ।
মেঘ বলে-হায় ধান! মই হব তোর
ক্ষেত জুড়ে থাক পড়ে খুলবে না দোর ।
ধান বলে-তোর বড়ো নিঠুর মনন
আঁধারে ভাসাবি তুই হাজার জীবন ?
মেঘ বলে-গোলা মাঝে আগে তুই চল
তারপরে নামাব রে বরষার ঢল ।
পাকা ধান বলে-মেঘ ভাই তুই মোর
শ্রাবনে ঝরিস ওরে সারাটি প্রহর ।
কালো মেঘ চলে যায় হাসে পাকা ধান
ভেসে আসে সমীরনে কীর্তন-আজান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।