সৃজন স্বপ্ন
- সুদীপ তন্তুবায় নীল

হারিয়ে যেতে বড়ো ভয়
তবুও হারিয়ে যাই
পল্লির সিঁথি চেরা পথে প্রদোষের ক্ষণে
তাল পলাশের বিভীষিকায়,
হারিয়ে যাই সিক্ত ঘাসবিছানায়
ঘুমন্ত ঝিঁ ঝিঁ র ভিড়ে
সন্ধ্যাতারার বুকে মুখ লুকিয়ে
অতৃপ্ত স্মৃতির আর্তনাদ অতৃপ্ত কর্ণে কুড়িয়ে
বুকে বাঁধতে বড়োই ভালো লাগে
তাই তো হারিয়ে যাই
প্রদোষের ক্ষণে, সন্ধ্যার আঁচলে
পৌষের বাতাসে যখন
কম্পিত প্রদীপের শিখা
এঁকে যায় নবান্নের স্বরলিপি
তখনও হারিয়ে যাই
আধো আলো অন্ধকারে :
স্মৃতিমাখা গানের ভিতর.......
হারিয়ে যেতে বড়ো ভয়
তবুও হারিয়ে যাই নিভৃতে
সৃজনের ভিত কেটে
অট্টালিকা গড়ার দুরন্ত প্রয়াসে
প্রত্যাবর্তন হয় বারবার তাই নির্ভয় বুক ।
যেদিন উঠবে না ফেরার গান
পথ ভুলে যাবে ক্লান্ত পথিক
সেদিন পড়ে থাকবে
সাময়িক হারিয়ে যাবার দুটুকরো স্মৃতি:সৃজন স্বপ্ন....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।