জীবনের পথে চলতে চলতে
- সুদীপ তন্তুবায় নীল

জীবনের পথে চলতে চলতে
কয়েক বছর আগে,
এসেছিল কেউ জীবনের ঘরে
সেই স্মৃতি মনে জাগে ।
শীতের বিকেলে উত্তুরে হাওয়া
বইছিল প্রতিক্ষণে,
লালধূলি পথে হেঁটেছি দু'জনা
কাজু কাঁঠালের বনে ।
প্রথম যেদিন হয়েছিল দেখা
পঁচিশে ডিসেম্বরে,
ভালোবাসা এসে দিয়েছিল ধরা
ভগ্ন এই অন্তরে ।
প্রথম দেখার পূর্ব সময়ে
বন্ধুর বেড়াজালে,
কয়েকটি মাস ছিলাম দু'জনা
অগভীর নদীজলে ।
তারপর নদী হয়েছে গভীর
বেয়েছি প্রেমের খেয়া,
আবেগের মেঘে ঢেকেছিল যেন-
সাত জনমের মায়া ।
জোয়ার ভাটায় কান্না হাসিতে
ভেসে গেছি একইসাথে,
জীর্ণ শাখেতে ফুটিয়েছি ফুল
হাত রেখে দুই হাতে ।
যেখানেই থাকি যতদূরে থাকি
তোমার এক আহ্বানে
বারেবারে ধরা দিয়েছি গো আমি
রাত কিবা দিনমানে ।
চেয়েছিল যতো সুখের বরষা
অফুরান ভালোবাসা
প্রেমপ্রীতি যতো ছিলো প্রয়োজন
ছিলো যতো সাধ আশা-
মিটিয়েছি সব তোমার জীবনে
হয়েছি নিঃস্ব প্রানী,
কখনো দিইনি জানতে গো আমি
ভগ্ন ফুলের দানি ।
হঠাৎই সময় থমকে দাঁড়ালো
বরষা বিকেল শেষে,
বুকের জড়ানো স্বপ্ন লুটালো
উঠোনের ভেজা ঘাসে ।
চলে গেলে হায় করে দিয়ে পর
জানিনা কি ভুল ছিলো !
জীবন আমার কষ্ট পরীকে
বক্ষে জড়িয়ে নিলো ।
কখনো হৃদয় খুঁজলে আমাকে
ফিরে আসো তুমি যদি
দেখবে সেদিন স্মৃতি বুকে নিয়ে
শুকিয়ে গেছে গো নদী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।